নির্বাচনে বাধা দিলে দমন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নির্বাচন ও ভোটে বাধা দিলে রাষ্ট্রের সর্বাত্মক চেষ্টা দিয়ে তাঁদের প্রতিরোধ ও দমন করা হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭-এর নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মহীউদ্দীন খান বলেন, ‘কতিপয় স্বৈরতন্ত্রের প্রতিভূ রাজনৈতিক দলের মোড়কে গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচনকে প্রতিহত করতে চায়। কোনো ব্যক্তি যদি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, নির্বাচনে বাধা দেবেন, ভোট দিতে গেলে বাধা দেবেন, রাষ্ট্রের সর্বাত্মক চেষ্টা দিয়ে তাঁদের প্রতিরোধ ও দমন করা হবে।’
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান বলেন, ‘সচিবালয় ঘেরাওয়ে হেফাজতের বক্তব্যে তাৎপর্য নেই। হেফাজত মানবাধিকার লঙ্ঘন করলে দমনের ক্ষমতা আমাদের রয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের পোশাক কারখানায় নৌমন্ত্রী শাজাহান খানের উসকানি আছে বলে তিনি মনে করেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, ২৫ অক্টোবরের পর বাংলাদেশে চরম নৈরাজ্য সৃষ্টি করা হবে। ২৫ অক্টোবরের পর এ দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।’