নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক দল; গণতান্ত্রিক সূত্র অনুযায়ী যে ফর্মুলা রয়েছে, সে সূত্রেই যথাসময়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনী কর্মকাণ্ডে কোনো ব্যক্তি বা বিশেষ দল বাধার সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে।’

আজ শনিবার বিকেল চারটায় ভোলার চরফ্যাশন উপজেলার বজ্রগোপাল টাউন হল মিলনায়তনে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিরোধী জোটকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ উন্নয়ন দেখেই আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপির কথায় নির্বাচন হবে না, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবেন না।

জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যে রাজনৈতিক দল আপনাদের নিরাপত্তা দিয়েছে, আপনাদের শিক্ষা-চিকিত্সাসহ সব সময় আপনাদের পাশে ছিল, সেই রাজনৈতিক দল জননেত্রী শেখ হাসিনার দল। সে দলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

এর আগে দুপুর সোয়া দুইটায় মনপুরা উপজেলা মিলনায়তনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশের সন্ত্রাস, জঙ্গিবাদের মূলোত্পাটন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনে কঠোর দায়িত্ব পালন করছে, পুলিশ জনগণের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে জয়যুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সংগঠনকেও শক্তিশালী করতে হবে এবং বিরোধী দলের সব অপচেষ্টা প্রতিরোধ করতে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।

এর আগে আজ দুপুরে মন্ত্রী হেলিকপ্টারযোগে ভোলার মনপুরা উপজেলায় এসে কলাতলী চর পুলিশ তদন্তকেন্দ্র ও মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন। পরে তিনি চরফ্যাশন উপজেলার ঢালচর ও কুকরি-মুকরি পুলিশ তদন্তকেন্দ্রের উদ্বোধন করেন।

মনপুরায় কর্মী সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলার চেয়ারম্যান নজির আহম্মদ মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সাংসদ আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব, মনপুরা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবিদুল আলম আবিদ, সম্পাদক মো. আকতার হোসেন প্রমুখ।