নির্বাচনে বাধাদানকারীরা জঙ্গিবাদী চোর বদমাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে বাধাদানকারীদের ‘জঙ্গিবাদী, চোর, বদমাশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার দুপুরে সিলেট নগরের আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী জানুয়ারি মাসে দেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাধাদানকারীরা জঙ্গিবাদী, চোর, বদমাশ। তারা কোনোভাবেই নির্বাচন বানচাল করতে পারবে না। শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে।’
বিগত সরকারের আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে কয়েক গুণ বেশি উন্নয়ন হয়েছে দাবি করে অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটের লাক্কাতুরা চা-বাগানে একটি সরকারি উচ্চবিদ্যালয় স্থাপন করা হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে দক্ষিণ সুরমার আলমপুরে আরেকটি সরকারি উচ্চবিদ্যালয় হবে। আমরা পুনরায় ক্ষমতায় এলে প্রাথমিকের মতো মাধ্যমিক শিক্ষাও অবৈতনিক করা হবে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী প্রমুখ।