নির্বাচনে বিরোধিতা করায় নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নির্বাচনে বিরোধিতা করায় একটি পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের নবকুমার দাসের স্ত্রী শিলা দাস এ অভিযোগ করেন।
শিলা দাস বলেন, গত ২২ মার্চ জয়নগর ইউপির নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন খালিদ হাসান ওরফে টিটু। নির্বাচনে তাঁরা খালিদের প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে সমর্থন দেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁদের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন খালিদ। চাঁদা না দেওয়ায় ৭ মে খালিদের নেতৃত্বে কয়েকজন তাঁদের বাড়িতে ঢুকে তাঁর স্বামী নবকুমার দাসকে বেদম মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে ও তাঁর শ্বশুরকেও মারধর করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় ৮ মে মামলা করা হয়। এরপর মামলা তুলে না নিলে তাঁদের ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য খালিদ হাসান বলেন, ‘নবকুমার দাস ও তার ভাই মারামারি করছিল। খবর পেয়ে আমিসহ অন্যরা সেখানে যাই। তাদের দুই ভাইকে চড়থাপ্পড় মেরে থামিয়ে দিই। এর বাইরে আর কোনো ঘটনা ঘটেনি। তবে পরাজিত একজন ইউপি সদস্য প্রার্থী এ ঘটনাকে পুঁজি করে নবকুমার দাসের পরিবারকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মনগড়া অভিযোগ করিয়েছে।’