নির্বাচনে বিশৃঙ্খলা হলে গণতন্ত্রের প্রতি আস্থা কমে যেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান। ফাইল ছবি
মিজানুর রহমান। ফাইল ছবি

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পৌরসভা নির্বাচনে বিশৃঙ্খলা ঘটলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমে যেতে পারে। বিশৃঙ্খলা হলে তা কখনোই জাতির জন্য শুভবার্তা বয়ে আনবে না।
আজ রোববার বেলা ১১টার দিকে রংপুরে বেসরকারি সংস্থা আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে মানবাধিকার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন ও পার্টিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস (পাস) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
নাগরিকদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে মিজানুর রহমান আশা প্রকাশ করে বলেন, নির্বাচন পরিচালনার জন্য কমিশন যাদের ওপর দায়িত্ব অর্পণ করেছে, তারা তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
সম্প্র​তি দেশে কয়েকটি হত্যাকাণ্ড ও জঙ্গি তৎপরতা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘আমেরিকা তার প্রয়োজনে আইএস ও জেএমবির মতো জঙ্গিগোষ্ঠী বানিয়ে বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।’
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর উন নবী, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আমজাদ হোসেন খান, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার প্রমুখ।