নির্বাচনে ব্যতিক্রমী পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে এক ব্যতিক্রমী পোস্টার দেখা যাচ্ছে। তাতে লেখা আছে ‘দল বড় কথা নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিন’।
ব্যতিক্রমী এই পোস্টার লাগিয়েছেন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপাড়ার বাসিন্দা সুনম সরোয়ার ওরফে বকুল। তিনি পেশায় চিত্রশিল্পী।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তিনি নিজ উদ্যোগে প্রায় ১ হাজার ২০০ পোস্টার ছাপিয়ে নিজেই কুমারখালীর প্রত্যেক ওয়ার্ডে লাগিয়ে দেন। ইতিমধ্যে তিনি এতে প্রশংসাও পেয়েছেন।
পৌর নির্বাচনে বিভিন্ন দল-সমর্থিত মেয়র প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। বসে নেই সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরাও।
সুনম সরোয়ার মুঠোফোনে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বর্তমান রাজনীতিতে ভালো ও যোগ্য লোকের বড়ই অভাব। অনেক দাপুটে ও অসৎ ব্যক্তি এই নির্বাচনে মার্কা ভাঙিয়ে চলছে। তাঁদের মধ্যে নৈতিকতা নেই। সৎ প্রার্থীর বড়ই অভাব।’
সুনমের দাবি মার্কার মাধ্যমে সমাজের মানুষ ভালো প্রার্থী খুঁজে পাবে না। এ জন্যই নিজ উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসচেতনামূলক পোস্টার লাগিয়েছেন তিনি। সুনম বলেন, ভালো মানুষ না পেলে সমাজ এগোবে না।