নীলফামারীর সৈয়দপুরে লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ জনগণকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার বাঙালিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, শত শত গ্রামবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ঘিরে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে জনগণকে ছত্রভঙ্গ করে। পরে গ্রেপ্তার করা ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউনিয়নের ওয়ার্ড সদস্য লুৎফর রহমান খান জানান, কলেজটির অধ্যক্ষ নিজের পছন্দের লোকজনকে কমিটিতে নিতে ভোটার তালিকা থেকে সচেতন অভিভাবকদের বাদ দেন। ওই ভোটার তালিকার মাধ্যমে ভোট নেওয়া শুরু হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত গ্রামবাসী দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম জানান, সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। হঠাৎ বেলা সোয়া একটার দিকে একদল লোক কেন্দ্রে ঢুকে দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নেয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।