নির্বাচনে বড় চ্যালেঞ্জ জামায়াতের সন্ত্রাস: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর জামায়াতের সন্ত্রাস আগামী নির্বাচনকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘ধর্মব্যবসায়ী জামায়াত আগামী নির্বাচনে মরণকামড় দিতে পারে। এ জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতন্ত্রের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের মিশন মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্রসচিব ও কলামিস্ট মহিউদ্দিন আহমেদ।
আবদুল মুহিত বলেন, ‘ধর্ম ও রাজনীতি কখনো এক নয়। কিন্তু আমাদের দেশে ধর্মকে রাজনৈতিক ব্যবসা বানিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা চলে। এ ব্যাপারে সবাইকে সজাগ হতে হবে। ধর্মব্যবসায়ী জামায়াত আগামী নির্বাচনে মরণকামড় দিতে পারে। এ জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তা ছাড়া জনসাধারণকে সচেতন হতে হবে যেন এ অসাম্প্রদায়িক গোষ্ঠী সফল হতে না পারে।’
হেফাজতে ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, হেফাজতিদের অযৌক্তিক সমাবেশ করতে দেওয়াই ভুল হয়েছে। ফলে তারা ধর্মান্ধ মানুষদের আকৃষ্ট করতে সমর্থ হয়েছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক নিয়ে ড. ইউনূস নিজের পকেট ভারী করেছেন অথচ দরিদ্র জনগোষ্ঠী এতে কোনো লাভবান হয়নি। এমনকি গ্রামীণ ব্যাংক পরিচালনা আইনে ডিভিডেন্ট দেয়ার উল্লেখ থাকলেও তিনি কখনো ডিভিডেন্ট দেননি। এমন অনেক অনিয়ম ধরার কারণে ড. ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি করেছেন।’

আগামী নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে। সেখানে সংসদীয় আসনের আনুপাতিক হারে সব দলের প্রতিনিধি থাকবেন।