বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচনে ব্যাপক ভরাডুবির ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে। আওয়ামী লীগের প্রতি দেশের মানুষ এখন বিরক্ত। সরকারের মন্ত্রী-এমপিরা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে প্রতিনিয়ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কাল্পনিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। তাদের এসব বক্তব্য বানোয়াট, অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবর্জিত।’
গতকাল সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তাঁর নিজ বাড়ির আঙিনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় টিকে থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। তাই সরকারের হাতে ক্ষমতা রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে। বিনা ভোটে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। তাদের সব ষড়যন্ত্র জনগণ ভোটের মাধ্যমে প্রতিহত করবে।