নির্বাচনে ভোট ডাকাতির আশঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা বিএনপি অভিযোগ করেছে, চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচনের মতো সদর উপজেলায়ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ভোট ডাকাতি করে জয়ী হওয়ার ষড়যন্ত্র করছেন।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক।
সাবেরুল হক অভিযোগ করেন, ‘চৌগাছা ও শার্শায় জনগণ ভোট দিতে পারেননি। ক্ষমতাসীন দলের ক্যাডাররা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট ডাকাতি করেছে। যে কারণে সম্ভাবনা থাকা সত্ত্বেও বিএনপি-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন। একই ভাবে সদর উপজেলা নির্বাচনেও চৌগাছার মতো ভোট কাটা হবে বলে আমরা আশঙ্কা করছি।’
চৌগাছা ও শার্শা উপজেলায় পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়ে সাবেরুল জানান, এ দাবিতে আগামী বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সহধর্মিণী জেলা কমিটির সদস্য নার্গিস বেগম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, চৌগাছা উপজেলার বিএনপির সভাপতি ও পরাজিত প্রার্থী জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোর্তুজা এলাহী প্রমুখ।
অভিযোগের ব্যাপারে সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহীন চাকলাদার বলেন, ‘আমি ভোট ডাকাতি ও ভোট কারচুপিতে বিশ্বাস করি না। গত পাঁচ বছর চেয়ারম্যান থেকে যত উন্নয়ন করেছি ও মানুষের পাশে দাঁড়িয়েছি, লোকজন ভালোবেসেই আমাকে ভোট দেবে।’