নির্বাচনে মারামারির সব দায় ইসির নয়: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নিজস্ব এলাকায় কেউ মারামারি করলে কমিশন তা প্রতিহত করতে পারে না। দেশে স্বাভাবিক অবস্থায় কিছু কিছু জায়গায় খুন-জখম হয়। তার অর্থ এই নয় যে, নির্বাচনের সময় হলেই খুন জখম হয়। নির্বাচনে নিজেরা মারামারি করলে এর সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নেওয়ার কোনো কারণ নেই।

নির্বাচ​ন কমিশনে আজ রোববার কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন।

শাহনেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিছু প্রার্থী দলীয় প্রতীক পেয়ে অতি উত্সাহী হয়ে সন্ত্রাসী কাজ করছে। এসব অতি উৎ​সাহীরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কাজ করতে না পারে, সে জন্য সামনের নির্বাচনগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কেউ বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে বলে জানান শাহনেওয়াজ। তিনি বলেন, স্থানীয় নির্বাচন তৃণমূল নির্বাচন। যারা নির্বাচন করে, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কও থাকে। তা ছাড়া তাদের দলাদলির প্রশ্ন থাকে, সম্মানের প্রশ্ন থাকে। আগের নির্বাচনগুলোতেও দেশে এমন ঘটনা ঘটেছে, এটাই প্রথম নয়।

ইউপি নির্বাচনের পরবর্তী ধাপগুলোর জন্য নতুন কোনো দিক-নির্দেশনা আছে কি না, জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সুষ্ঠু নির্বাচন করতে যা যা করার প্রয়োজন, তা করতে বলা হয়েছে। এদের কেউ নির্বাচনে গাফিলতি করলে সহ্য করা হবে না।