নির্বাচনে যাওয়া নিয়ে ক্ষুব্ধ জাসদের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একতরফা নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা-কর্মীদের একটি অংশ ক্ষুব্ধ। এ অংশটি মনে করছে, জাসদ তার নীতি-আদর্শ ভুলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মতো আচরণ করছে।
তবে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দলের জাতীয় কমিটি ও কেন্দ্রীয় কমিটি নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দিয়েছে। এর বাইরে কে কী বলছেন, তা নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই। তিনি মনে করেন, যাঁরা নির্বাচনে মনোনয়ন পাননি, তাঁরাই বিষোদগার করছেন এখন।
জানা গেছে, ক্ষুব্ধ অংশটিতে রয়েছেন নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতা, বিভিন্ন পেশাজীবী রাজনীতিতে সক্রিয় আছেন এমন নেতারা। দলের ভেতর তাঁদের শক্ত অবস্থানের কারণে জাসদের শেষ কাউন্সিলে হাসানুল হকের সমর্থিত প্রার্থী শিরীন আক্তার সাধারণ সম্পাদক পদে পরাজিত হন শরীফ নূরুল আম্বিয়ার কাছে।
এ ছাড়া ৫ জানুয়ারির নির্বাচনে জাসদের ৪৯ জন মনোনয়নপত্র তুলেছিলেন। পরে ২৮ জনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
জাসদের কেন্দ্রীয় কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দল আন্দোলন শুরুর পরপরই জাসদের নেতা-কর্মীদের একটি অংশ বলতে শুরু করে বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। কারণ, বিএনপি জামায়াত-নির্ভর দল। তবে ক্ষুব্ধ অংশটি কোনো রকম ‘চালাকি’র বিপক্ষে অবস্থান নেয়। তারা জানায়, মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোকে নিয়ে (যেমন সিপিবি-বাসদ) বড় জোট করা যেতে পারে। ’৫৪ সালে যুক্তফ্রন্ট যে আদলে নির্বাচন করেছে, সেভাবে নির্বাচনে যাওয়া যেতে পারে। সেই জোট আর হয়নি। পরে শীর্ষ নেতৃত্ব থেকে দলের নেতা-কর্মীদের বোঝানো হয়, নির্বাচনে বিএনপিকে আনার সব রকম উদ্যোগ নেওয়া হবে। বিএনপি আসছে না বিষয়টি নিশ্চিত হওয়ার পর বলা হয়, নির্বাচনে জাতীয় পার্টি আছে। কিন্তু পরে জাতীয় পার্টির প্রধান এরশাদ বেঁকে বসায় বিপদে পড়ে জাসদ নেতৃত্বের যুক্তি।
নৌকা প্রতীক নিয়েও দলের শীর্ষ নেতৃত্ব সমালোচনায় পড়েন। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক অংশটি একতরফা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জাসদের অনেক নেতা জিতে আসবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জাসদের হাসানুল হক ইনু, শিরীন আখতার, মঈন উদ্দিন খান বাদল ও জায়েদুর কবির—এই চারজন পান নৌকা। ওই দলের একটি সূত্র ‘প্রথম আলো’কে বলেন, ওয়ার্কার্স পার্টির চেয়েও বিশ্বস্ত থাকার পর জাসদ চারটি নৌকা প্রতীক পেয়েছে। সরকারে জাসদের প্রতিনিধিত্ব আছে বলে দলের আদর্শের বিরুদ্ধে যায় সরকারের এমন অনেক পদক্ষেপে নেতারা চুপ করেছিলেন। সম্প্রতি টিকফা চুক্তি স্বাক্ষর হয়েছে। নেতারা চুপ। কিন্তু এতে করে কোনো লাভ হয়নি।
জাসদের ক্ষুব্ধ অংশটি এমনকি এও বলছে, বাকশাল গঠনের পর ব্যাপক সমালোচনার মুখে আওয়ামী লীগ বাকশাল গঠনের দায় বামপন্থীদের ওপর চাপায়। এবারের একতরফা নির্বাচনের দায় পরে জাসদ-ওয়ার্কার্স পার্টির ওপর পড়তে পারে বলে তাদের আশঙ্কা।
মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন এমন একজন নেতা ‘প্রথম আলো’কে বলেন, নৌকা প্রতীক না পাওয়া, সব দলের অংশগ্রহণে নির্বাচন না হওয়া এবং কোনো কোনো জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার জন্য আওয়ামী লীগ প্রার্থীদের চাপ—এই তিন কারণে ২৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র: জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, সাংবিধানিক প্রয়োজনে জাসদ নির্বাচনে গেছে। সব দল নির্বাচনে আসেনি সত্য। কিন্তু যাঁরা মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, তাঁদের সবাই নির্বাচনে আছেন। জাসদ সব সময় চেয়েছে সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক, কিন্তু সংবিধানের আওতায় হোক। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘৫ জানুয়ারি নির্বাচন হয়ে যাবে। তবে কাঙ্ক্ষিত নির্বাচন কবে হবে, তা নির্ভর করছে বেগম জিয়া কাঁধ থেকে জামায়াতকে নামানোর সিদ্ধান্তের ওপর। বিএনপি ও বেগম জিয়া যত তাড়াতাড়ি জামায়াতি শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করেন ততই মঙ্গল হবে সবার জন্য। বিলম্ব করলে হয়তো কাঙ্ক্ষিত নির্বাচনটাও বিলম্বিত হবে।’
পটুয়াখালী-১ ও ২ আসন থেকে নির্বাচন করছেন হাবিবুর রহমান শওকত। তিনি বলেন, নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটি স্থায়িত্ব পাবে। তাঁরা একাত্তরের মতো বিজয় অর্জনের পথে। বিএনপি নির্বাচনের ইস্যুকে যুদ্ধাপরাধীদের মুক্তি আন্দোলনের সঙ্গে জড়িয়ে ফেলেছে।
তবে জাসদের কিছু নেতা-কর্মী বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক বাধ্যবাধকতার আড়ালে অনেকে শুধু সাংসদ ও মন্ত্রী হওয়া জন্য নির্বাচন করছেন। এসব কথা অনুচ্চারিত থেকে যাচ্ছে। হাসানুল হক বলেছেন, মন্ত্রী ও সাংসদ হওয়ার জন্য জাসদ নির্বাচনে যাচ্ছে, এ ধরনের অভিযোগ একমাত্র নিরপেক্ষতার ভান করা বুদ্ধিজীবীদের পক্ষেই তোলা সম্ভব।
তবে জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের বিরুদ্ধে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিমানের কমিশন-বাণিজ্যের অভিযোগ আছে। এ নিয়ে ‘প্রথম আলো’য় একটি প্রতিবেদনও ছাপা হয়েছিল ২০১০ এর ১৭ আগস্ট। এবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।