দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকটকে আরও কঠিন করে তুলবে। জোর করে নির্বাচন করা হলে তাতে তৃতীয় শক্তির অনুপ্রবেশের আশঙ্কা থাকে। বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদদের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠন করাই হচ্ছে সবচেয়ে ভালো সমাধান।
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: নাগরিক অধিকার ও দায়িত্ব’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব মত দেন চট্টগ্রামের নাগরিকেরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলা গত শুক্রবার নগরের প্রেসক্লাবে ওই মতবিনিময়ের আয়োজন করে।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সাংবিধানিক অধিকার। সব দলের অংশগ্রহণে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়, সে বিষয়ে আমাদেরও দায়িত্ব রয়েছে।’ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন চট্টগ্রাম জেলার সভাপতি মুহাম্মদ সিকান্দার খান। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইনুল হাসান চৌধুরী প্রমুখ।