নির্বাচনে লড়ছেন পুলিশের চোখে পলাতক আসামি
কাজী বনি আমিন। পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার পলাতক আসামি তিনি। পুলিশ বলছে, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অথচ চলতি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সমর্থকদের নিয়ে প্রতিদিন গণসংযোগও চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী বশিরুল হক তাঁর বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনী ম্যানুয়ালের (২৬) ধারার ২-এর (ত) অনুচ্ছেদ অনুযায়ী কাজী বনি আমিনের প্রার্থিতা বাতিলের জন্য ইউনিয়নের বয়রা গ্রামের কাজী আশরাফের স্ত্রী মিতা বেগমও লিখিত অভিযোগ দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী বনি আমিন কোনো মামলার আসামি কি না এবং তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না তা দেখার দায়িত্ব পুলিশের।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, বনি আমিনের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি দাবি করেন, তাঁকে পাওয়া যাচ্ছে না।