নির্বাচনে লড়ার জের ২০ পরিবার অবরুদ্ধ
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে হেরে যাওয়া এক প্রার্থী ও তাঁর আত্মীয়-সমর্থকের ২০টি পরিবার অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নির্বাচনে অন্য প্রার্থীর পরাজয়ের জন্য গ্রামের কয়েকজন মাতবর এসব পরিবারকে দায়ী করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জুন অনুষ্ঠিত এ ইউপির নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে লড়ে বড়লক্ষ্মীপুর গ্রামের আসলাম হোসেন ও আবুল বাশার পরাজিত হন।আবুল বাশার অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে গ্রামের মাতবর শাহ আলমের সভাপতিত্বে সভায় তাঁর (আবুল বাশার) এবং তাঁর স্বজন ও সমর্থকদের ২০টি পরিবারের লোকজনকে বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়। এসব পরিবারের সদস্যরা গ্রামের স্কুল, হাটবাজার, এমনকি মসজিদেও নামাজ পড়তে যেতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত হয়। এসব পরিবারের লোকজন গ্রামের অন্য কারও সঙ্গে কথা বললে ৫০০ টাকা করে জরিমানারও সিদ্ধান্ত হয়। সভায় মাতবর সাইদুর রহমান, মকবুল হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।আবুল বাশার অভিযোগ করেন, গতকাল শুক্রবার ভোর থেকে তাঁরা গ্রামে অবরুদ্ধ আছেন। মাতবরদের লোকজন তাঁদের বাড়ির পাশের রাস্তায় পাহারা দিচ্ছেন। তিনি ভোরে পালিয়ে উল্লাপাড়া প্রেসক্লাবে এসেছেন। তিনি এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।মাতবর শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবুল বাশারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য বলা হয়েছিল। তাঁর সমর্থক ও স্বজনদেরও তাঁকে সমর্থন না দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তাঁরা তাতে কর্ণপাত করেননি। এ কারণে গ্রামের মাতবরেরা বসে এ সিদ্ধান্ত নিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, অবরুদ্ধ পরিবারগুলোর পক্ষ থেকে আবুল বাশার তাঁদের দলীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি।