নির্বাচনে শীতল আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর উধাও হয়ে গেছে পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণাসামগ্রী। মনোনয়ন অনিশ্চয়তা, হয়রানিসহ বিভিন্ন কারণে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন অনেকটা নিভৃতে। পৌরবাসী বলছেন, গত তিনটি নির্বাচনের চেয়ে এবার দিনাজপুরের বিরামপুর পৌর নির্বাচন অনেকটা পানসে।
মনোনয়নপ্রত্যাশী ও বিভিন্ন দলের নেতা-কর্মীরা বলছেন, মূলত মনোনয়ন চূড়ান্ত না হওয়া, বিরোধী দলে হয়রানির ভীতি আর দলীয় কোন্দলের কারণে নির্বাচনী কোনো আমেজ নেই বিরামপুরে।
আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগ থেকে দুজন, বিএনপি থেকে তিনজন এবং জামায়াত থেকে একজন প্রার্থী মেয়র পদের মনোনয়নপ্রত্যাশী হিসেবে জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ব্যানার, পোস্টারসহ জনসংযোগের মাধ্যমে প্রচারণা চালাচ্ছিলেন। জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান।
নির্বাচনী আচরণ বিধিমালা চালুর পর থেকে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণাসামগ্রী সরিয়ে ফেলেন। পাশাপাশি দলীয় মনোনয়নের নীতিমালা নির্ধারণ হলে সম্ভাব্য প্রার্থীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির শুরু করেন। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন অনিশ্চয়তায় প্রচার-প্রচারণাও অনেকটা বন্ধ রয়েছে বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। আবার হয়রানির আশঙ্কায় বিএনপির প্রচার-প্রচারণা চলছে অনেকটা নিভৃতে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী ঠিক করতে জেলা আওয়ামী লীগ গত ২৮ নভেম্বর চারজন মনোনয়নপ্রত্যাশীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের ডেকে পাঠায়। কিন্তু আলোচনা ব্যর্থ হলে বিষয়টি কেন্দ্রে জানানো হয়। পরে উপজেলা আওয়ামী লীগের নেতারা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আক্কাস আলীকে সমর্থন দেন। পৌর আওয়ামী লীগের সদস্য ও আরেক মনোনয়নপ্রত্যাশী লিয়াকত হোসেনের সঙ্গে কোনো সমঝেতা না হওয়ায় ২৯ নভেম্বর থেকে মনোনয়নপ্রত্যাশীসহ উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা ঢাকায় অবস্থান করছেন।
দলের তৃণমূল নেতারা জানান, মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় মূলত ২৭ নভেম্বরের পর থেকে সবাই অনিশ্চয়তার মধ্যে আছেন। ফলে মাঠে কোনো প্রচার-প্রচারণা নেই।
মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী মণ্ডল ও পৌর বিএনপির সদস্য হুমায়ুন কবির বলেন, পৌর নির্বাচনের ঠিক আগে সারা দেশে দলীয় নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। এ জন্য নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিঞা মো. শফিকুল আলম বলেন, বিএনপি থেকে মেয়র পদে তিনজন মনোনয়নপ্রত্যাশী। স্থানীয়ভাবে মনোনয়ন চূড়ান্ত হলেও নেতা-কর্মীদের কারও পক্ষে মাঠে না নামতে নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াতের প্রচার সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী মুহাদ্দিস এনামুল হক একই কথা বলেন।