নির্বাচনে সংঘর্ষের জেরে কয়েক দিন ধরে লুটপাট!
সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন সংঘর্ষের জের ধরে করশালিকা গ্রামে ব্যাপক লুটপাট হয়েছে। চার থেকে পাঁচ দিন ধরে গরু, ধান, সেচযন্ত্র ও মুদি দোকানের মালামাল লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, লুটপাটের সময় পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শাহাজাদপুর থানার পুলিশ বলেছে, লুটপাটের অভিযোগ পাওয়া যায়নি। গ্রামটি দুর্গম এলাকায় হওয়ায় পুলিশ ইচ্ছা করলেই দ্রুত সেখানে পৌঁছাতে পারে না।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রূপবাটি (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের দুই প্রার্থী গোলাম সরোয়ার ও সাবেক চেয়ারম্যান আবদুল মতিনের বাড়ি করশালিকা গ্রামে। এই নির্বাচন নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। নির্বাচনে দুজনই পরাজিত হন। ১৫ জুন করশালিকা চরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সারিতে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মতিনের সমর্থক বলে পরিচিত শাহ আলম নিহত হন। এ ঘটনায় ওই দিনই গোলাম সরোয়ারকে গ্রেপ্তার করা হয়। দুটি মামলায় সরোয়ারসহ তাঁর চার শতাধিক সমর্থককে আসামি করা হয়। এর পর থেকে সরোয়ারের সমর্থকেরা পালিয়ে বেড়াচ্ছেন।সম্প্রতি করশালিকা গ্রামের সান্যালপাড়া, চরপাড়াসহ কয়েকটি স্থানে গিয়ে বেশ কয়েকটি বাড়িতে লুটপাটের চিহ্ন দেখা যায়। এ সময় নারী, শিশু ও বৃদ্ধ ছাড়া কাউকে পাওয়া যায়নি। সরোয়ারের সমর্থক বলে পরিচিত সান্যালপাড়ার এক নারী ভয়ে নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, মতিনের সমর্থকেরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ছয়টি গরু, ১০ মণ ধান, দুটি সেচযন্ত্র ও মুদি দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে। নির্বাচনের দিন থেকে তারা মিয়া ও তাঁর ভাই পালিয়ে আছেন। সরোয়ারের আরেক নারী সমর্থক বলেন, ‘দুইড্যা ষাঁড়ই ছিল আমাগরে পরিবারের সম্বল। তাও তারা নিয়্যা গেল।’সরোয়ারের বড় ভাই পালিয়ে থাকা গোলাম হোসেন মুঠোফোনে অভিযোগ করেন, আবদুল মতিনের সমর্থকেরা তাঁদের বাড়িতে লুটপাট-ভাঙচুর চালিয়ে গরু, ধান ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত কয়েকজন অভিযোগ করেন, অন্তত শতাধিক বাড়িতে হামলা চালিয়ে দেড় শতাধিক গরু, ৫০০ মণ ধান, সেচযন্ত্র, মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। কোনো কোনো বাড়িতে দুই থেকে তিনবার পর্যন্ত লুটপাট চালানো হয়। তাঁরা অভিযোগ করেন, শাহাজাদপুর থানায় একাধিকবার জানানো হলেও পুলিশ তাঁদের সাহায্য করতে আসেনি। প্রতিপক্ষের ভয়ে তাঁরা মামলা করারও সাহস পাচ্ছেন না। ভয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা লুটপাটে জড়িত ব্যক্তিদের নামও বলতে চান না।জানা গেছে, কেউ কেউ টাকার বিনিময়ে দু-একটি গরু ফিরিয়ে এনেছেন। এ ছাড়া পালিয়ে থাকা লোকজনকে গ্রামে ফিরিয়ে আসতে মতিনের পক্ষে যোগ দেওয়ার শর্তের পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তাঁর চারটি গরু লুট হয়। মতিনের পক্ষে যোগ দেওয়ার শর্ত মেনে ও ২৫ হাজার টাকার বিনিময়ে তিনি দুটি গরু নিয়ে গ্রামে ফিরেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, তাঁর স্বামী ও ভাশুরকে গ্রামে ফিরে আসতে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে আবদুল মতিন বলেন, ‘ঘটনার পর থেকেই আমি এলাকার বাইরে। লুটপাটের ব্যাপারে কিছুই জানি না।’ রূপবাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘আমি লোকমুখে শুনেছি, আবদুল মতিনের সমর্থকেরা গোলাম সরোয়ারের সমর্থকদের বাড়িতে লুটপাট চালিয়েছে। তবে ওই গ্রামে যাওয়া হয়নি।’ আবদুল মতিনের সমর্থক আবদুল বাতেন পরিচয় দিয়ে এক ব্যক্তি মুঠোফোনে দাবি করেন, খুব বেশি লুটপাট হয়নি। লুট করা বেশির ভাগ গরু মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।শাহাজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় ওই গ্রামের ৪০০ থেকে ৫০০ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। কাজেই লোকজনের পালিয়ে থাকা বিচিত্র কিছু নয়। তবে আমরা লুটপাটের কোনো অভিযোগ পাইনি।’