নির্বাচনে সতিনেরা এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্প, উপন্যাসে ‘সতিন’ মানেই শত্রুতা বোঝায়। বাস্তবে এর ব্যতিক্রমও আছে। বগুড়ার শিবগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সতিনেরা মিলে পরামর্শ করে আরেক সতিনকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছেন। আর স্বামীকে সঙ্গে নিয়ে তিন সতিন মিলে জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার বন্তেঘরী মহল্লার অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুস সামাদ তাঁর স্ত্রীদের নিয়ে আলোচনায় বসেন। সিদ্ধান্ত নেন, আর অন্য প্রার্থীর হয়ে প্রচারণায় নামা নয়। নিজেদের পরিবার থেকেই প্রার্থী দেবেন। শেষে সিদ্ধান্ত হয়, সামাদের তৃতীয় স্ত্রী মাজেদা বেগমই হবেন সেই প্রার্থী।
জানা যায়, নির্বাচনে জয়ের কৌশল ঠিক করে মিনু বেগম, রেনু বেগম ও মাজেদা বেগম তাঁদের স্বামী আবদুস সামাদকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন। রোজ ভোর থেকে গভীর রাত পর্যন্ত জয়ের আশায় উপজেলার এ-প্রান্ত থেকে ও-প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ‘হাঁস’ প্রতীকের প্রচারপত্র বিলি করেন, আর ভোট চান। সামাদের চার স্ত্রী। একজন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার জন্য নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন না। তবে এতে তাঁর সমর্থন রয়েছে। মিনু বেগম বলেন, ‘প্রতিটি এলাকায় পৌঁছানোর চেষ্টা করছি। আলাদা হাঁড়ি থাকলেও বিপদে-আপদে একে অন্যের পাশে দাঁড়াই আমরা। ভোট সেই শান্তির পরিবেশে বিঘ্ন ঘটাবে না কখনো।’ মাজেদা বেগম বলেন, ‘সতিন মানেই মনে করা হয় শত্রু। কিন্তু আমি ভাগ্যবতী। সতিনেরা আমার কাছে বোনের মতো। আমি নির্বাচিত হতে পারলে নারী নির্যাতন, বিশেষ করে এলাকার অন্যতম সমস্যা বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রথম থেকেই কাজ করব।’
আবদুস সামাদ বলেন, ‘আমার স্ত্রীদের নিয়ে আমি খুশি। তারা সব সমস্যায় মিলেমিশে মানিয়ে নিতে পারে।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আনোয়ারা বেগম (সেলাই মেশিন), মিনারা বেগম (ফুটবল), ফাইমা বেগম (সিলিং ফ্যান), নুরুন নাহার (পদ্মফুল), শাহানা কুমকুম (কলস), বিউটি বেগম (প্রজাপতি) ও মাজেদা বেগম (হাঁস)।