দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় নতুন নিযুক্ত নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে সব দল অংশ নিলে দলগুলোর মাঠপর্যায়ের ক্ষমতায় ভারসাম্য তৈরি হয়। তখন কোনো একটি বিশেষ দলের পক্ষে এককভাবে প্রভাব বিস্তারের সুযোগ কমে যায়।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে গতকাল এই মতবিনিময় সভা হয়। এতে সিইসি, চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদৎ হোসেন চৌধুরী এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতীতের নির্বাচনের প্রসঙ্গ টেনে এবং কর্মকর্তাদের বক্তব্যের জের ধরে সিইসি বলেন, ‘বাংলাদেশে কতগুলো অত্যন্ত সফল নির্বাচন হয়েছে। কিছু নির্বাচন বিতর্কিত ছিল। কিন্তু এসব নির্বাচন কেন বিতর্কিত হয়েছে, তা আমি বিশ্লেষণে যাব না। একটা কথা বলতে পারি, আপনারা অনেকেই বলেছেন যে, নির্বাচন অবাধ ছিল না বলেই বিতর্কিত হয়েছে।’
বৈঠকে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে নুরুল হুদা বলেন, ‘আমরা সব কমিশনার একমত হয়েছি। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে কাউকে রেহাই দেব না। যেখানে নির্বাচন হবে সেখানে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে শৃঙ্খলা বজায় রাখা হবে।’
সভায় কমিশন সচিবালয়ের সাবেক কর্মকর্তা জেসমিন টুলীর প্রশংসা করে নুরুল হুদা বলেন, ‘আগে জেসমিন টুলী থেকে শুরু করতে চাই। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষতা ও সাফল্যের সঙ্গে উপহার দিয়েছেন। তখন দেশবাসী তাঁর দিকে তাকিয়ে ছিল। তাঁকে কেউ প্রভাবিত করতে পারেননি। আপনাদের সবাইকে জেসমিন টুলীর মতো দৃঢ়তা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।’