নির্বাচনে সবার অংশগ্রহণ চায় যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের বৈঠক। ছবি: সৌজন্যে এফসিও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের বৈঠক। ছবি: সৌজন্যে এফসিও

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে আলোচনাকালে হেগ এ ব্যাপারে গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন, হেগ সেখানে সৌজন্যসাক্ষাতে গেলে এ বৈঠক হয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, যুক্তরাজ্যে সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হেগের এ বৈঠকে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে সব ধরনের সহিংসতা থেকে নিবৃত থাকতে বাংলাদেশের সবার প্রতি আহ্বান জানান হেগ। একই সঙ্গে সাভারে রানা প্লাজার ভবনধসের ঘটনার কথা উল্লেখ করে শ্রমিকদের স্বার্থরক্ষায় পোশাকশিল্পে জড়িত ব্যক্তিদের নিয়ে সংস্কার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। 

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে উইলিয়াম হেগের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং কাজের পরিবেশ উন্নয়নের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা প্রত্যক্ষ করেছি। এই শিল্প বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমি আশা করি, এই ইতিবাচক প্রভাব অব্যাহত থাকবে।’
সভায় রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগ ও মানবাধিকারের বিষয় নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিয়ে উপলক্ষে লন্ডন সফর করছেন। এরপর তিনি সেখান থেকে সরকারি সফরে বেলারুশ যাবেন।