নির্বাচনে সবার অংশগ্রহণ চায় ইইউ: হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম হানা
উইলিয়াম হানা

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূত উইলিয়াম হানা বলেছেন, ‘বাংলাদেশে এখন যা চলছে তা গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা।ইইউ বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।ইইউ কখনোই রাজনৈতিক সহিংসতার পক্ষে নয়।’
আজ শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের মেলা প্রাঙ্গণে সর্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন ২০১৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উইলিয়াম হানা এ কথা বলেন।
উইলিয়াম হানা বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কাছে খুবই গুরুত্বপূর্ণ।বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থানের যে সংস্কৃতি প্রচলিত আছে, তা অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ  চক্রবর্তী বলেন, বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা উত্তরণে কোনো বিদেশি শক্তির দরকার নেই, বাইরের লোকের দরকার নেই।বাংলাদেশ নিজেই এ সমস্যার সমাধান করতে পারবে।
সন্দীপ  চক্রবর্তী বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভারতের বিশেষ কোনো সম্পর্ক নেই। শুধু দেশের মানুষের সঙ্গে সম্পর্ক আছে। যারা নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। তিনি আরও বলেন, ‘বিভিন্ন সামাজিক ও  অর্থনৈতিক সূচকে বাংলাদেশ কিছু ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা হচ্ছে আত্মীয়ের। এই সম্পর্কে দায় এবং দায়িত্ব থাকে। তাই আমার স্বীকার করেতে দোষ নেই, অনেক সময় এই দায়িত্ব পালনে আমরা বিফল হয়েছি।’