চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘একতরফা’ নির্বাচনে সম্পৃক্ত না হতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব কর্মকর্তা এই নির্বাচনে সহযোগিতা করবেন, তাঁদের স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত করা হবে।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনের সামনে ১৮-দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমীর খসরু এ কথা বলেন। তাঁর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সহ-সভাপতি সামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, নগর জামায়াতের নায়েবে আমির আহসান উল্লাহ প্রমুখ।
সমাবেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘একতরফা ও প্রহসনের নির্বাচনে আপনারা কোনো সহযোগিতা করবেন না। যদি এই নির্বাচনী কর্মকাণ্ডে আপনারা সম্পৃক্ত থাকেন, তাহলে আপনাদেরও স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত করা হবে।’ তিনি বলেন, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ১৮- দলীয় জোটের নেতা-কর্মীরা রাজপথ পাহারা দিয়ে রাখবে। ওরা উল্লাস করে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এলাকায় সেই মনোনয়নপত্র জমা দিতে আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, আন্দোলন কখনো ব্যর্থ হয়নি এবং হবেও না। চলমান আন্দোলনেই শেখ হাসিনার পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাই এখন সারা দেশে একটি কথা, একটি স্লোগান—‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি।’
নোমান বলেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে শেখ হাসিনার অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করলে আন্দোলন আরও তীব্রতর করতে হবে। নীলনকশার কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না।
সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘বাংলার মাটিতে প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না। স্বৈরাচারী এরশাদকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা নির্বাচন করার যে স্বপ্ন দেখছেন, তা ভন্ডুল করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।’
সমাবেশে বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন এরশাদকে ‘স্বৈরাচার’ ও ‘বিশ্ববেহায়া’ অভিহিত করে বলেন, ‘তাঁকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিতে হবে। এই বিশ্ববেহায়া গণতন্ত্রের শত্রু ও জাতীয় বেইমান। তাঁর ডিগবাজি সম্পর্কে জাতি অনেক আগে থেকে অবহিত।’