নির্বাচনে সশস্ত্র বাহিনী চাইবে নির্বাচন কমিশন
দশম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী নেই। কিন্তু ভোটকেন্দ্রের তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা যথেষ্ট নয়। সে জন্য এলিট ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হবে।’
প্রধান বিরোধী দল বিএনপি এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে। সেই প্রেক্ষাপটে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল এসব কথা বললেন।
তবে কখন বা ভোটের কত দিন আগে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে, সে বিষয়টি স্পষ্ট করেননি এই নির্বাচন কমিশনার। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন প্রয়োজন হবে, তখন সেনা মোতায়েন করা হবে। পরিস্থিতি বিবেচনা করে এ জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হবে।
শাহনেওয়াজ বলেন, নির্বাচনের সময় ৩০০ আসনে বিভিন্ন বাহিনীর পাঁচ লাখের বেশি সদস্য নিয়োজিত থাকেন। এর মধ্যে অর্ধ লাখ সশস্ত্র বাহিনী মোতায়েন রাখা হয়।
২০০১ সালে অধ্যাদেশ জারির মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। আইনে তাদের গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হয়। এরপর সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করে। ২০০৯ সালে আরপিও সংশোধন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীর নাম বাদ দেওয়া হয়।
২০০১ সালের আগ পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১২৮ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারও মোতায়েন করতে হলে একই আইনের আওতায় থেকে করতে হবে।