নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের পক্ষে জাপা, বিপক্ষে ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে এর বিপক্ষে মত দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সংসদীয় আসনের সীমানা বিন্যাস বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠানে গতকাল বুধবার দল দুটি পৃথকভাবে এ সুপারিশ করে। জাপার প্রতিনিধিদলের প্রধান দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ইসির উদ্দেশে বলেন, সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা রয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টি বাধ্যতামূলক করা উচিত। সে জন্য প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। ইসি এ বিষয়ে প্রস্তাব আনলে জাতীয় পার্টি তা সংসদে পাস করার ব্যাপারে ভূমিকা রাখবে। জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক বলেন, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করে নির্বাচনের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগকে নির্বাচন কমিশনের অধীনে আনার ব্যবস্থা করতে হবে। তিনি বড় পরিসরে সীমানা বিন্যাস না করার পক্ষে মত দেন। দলটির আরেক কেন্দ্রীয় নেতা কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বর্তমান ইসির ওপর জনগণের আস্থা কম। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়ে আমি দেখেছি, ইসি নিরপেক্ষ নয়।’ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় এলে কীভাবে তার প্রভাব পড়ে, তা আমরা দেখেছি। প্রতিরক্ষা বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষায় না রাখাই ভালো।’ দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় সাংসদ ও প্রার্থীদের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে ইসির সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত বলে মনে করেন মেনন। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ইসি জামায়াতকে নিবন্ধন দিয়ে ফেলেছে। এখন নিবন্ধন বাতিল করতে গেলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (এইচ) মেনে তা করতে গেলে সময়ের দরকার আছে। ইচ্ছা করলেই হুট করে কেটে ফেলা যায় না। গতকালের সংলাপে আরও অংশ নেয় জাতীয় পার্টি (জেপি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও জাগপা গতকালের নির্ধারিত সংলাপে অংশ নেয়নি। জাসদ সময়সূচি পরিবর্তনের আবেদন করেছে।সংলাপে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ, নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী, মো. আবদুল মোবারক, মো. আবু হাফিজ ও মো. শাহ নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ অংশ নিচ্ছে না আ.লীগ: আজ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ। গতকাল দলটির পক্ষ থেকে নতুন সময়সূচি চেয়ে কমিশনে চিঠি দেওয়া হয়। আগামী ৫ ডিসেম্বর আওয়ামী লীগের সঙ্গে সংলাপের নতুন তারিখ দেওয়া হতে পারে বলে জানা গেছে।