টাঙ্গাইলের সখীপুরের ব্যবসায়ী নেতা আবদুল বারীকে অবশেষে নিখোঁজ হওয়ার নয় দিন পর গত বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়ার পর আবদুল বারী সখীপুর থানায় সাংবাদিকদের জানান, নির্বাচনে জয়ী হতে ভোটারদের সহানুভূতি পেতে ও স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি এত দিন পালিয়েছিলেন। তবে ব্যবসায়ী ও গ্রামবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আজ শনিবার ঘোনারচালা বাজারে সালিসে ওই ব্যবসায়ী নেতার বিচার হবে বলে জানা গেছে৷
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উপজেলার কালিয়া ঘোনারচালা বণিক সমিতির নির্বাচনের দুই দিন আগে কোষাধ্যক্ষ পদপ্রার্থী আবদুল বারী ৬ মে নিখোঁজ হন। ৭ মে তাঁর স্ত্রী মাজেদা আক্তার সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৮ মে নির্বাচনে আবদুল বারী পরাজিত হন। ৯ মে বারীকে উদ্ধারের দাবিতে নবনির্বাচিত কমিটির নেতারা ওই বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করেন। ১০ মে কচুয়াবাজারে স্থানীয় দুটি বিদ্যালয় বন্ধ করে দুই বাজারের বণিক নেতারা বিক্ষোভ ও সমাবেশ করে বারীকে উদ্ধারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। অবশেষে পুলিশ বৃহস্পতিবার রাতে বারীকে উদ্ধার করে।
স্থানীয় ঘোনারচালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, ‘বারী এলাকাবাসী ও ব্যবসায়ীদের বিপদের মুখে ফেলে প্রতারণা করেছেন। গতকাল শুক্রবার ক্ষুব্ধ এলাকাবাসী বারীর বাড়িতে হামলা চেষ্টা করেন। এলাকাবাসী আজ শনিবার গ্রাম্য সালিসে তাঁর বিচার করবেন।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বারীকে খঁুজতে পুলিশকে অনেক হয়রানি হতে হয়েছে। তাঁকে ধরতে মুঠোফোন প্রযুক্তি ব্যবহার করে তাঁর অবস্থান নিশ্চিত করতে অনেক ঝামেলা হয়েছে। তিনি প্রথমে চট্টগ্রামে দুই দিন, খুলনা শহরে দুই দিন, যশোরের বেনাপোলে এক দিন, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে এক দিন ও সর্বশেষ গাজীপুরের টঙ্গীতে দুই দিন থাকেন। বারী পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার খবর পুলিশ মুঠোফোন ট্রেকিংয়ে জানতে পারলে, তাঁর পরিবারকে পুলিশ চাপ দেয়৷ পরে ভালুকা থেকে তঁাকে উদ্ধার করা হয়।