নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বরগুনার বিভিন্ন ইউনিয়নে সহিংসতার ঘটনা বাড়ছে। নির্বাচনী প্রচারনা শুরুর পর গত দুই সপ্তাহে সহিংস ঘটনায় একজন নিহত ও অন্তত ১৫০ জন আহত হয়েছেন। এতে সুষ্ঠু ভোট নিয়ে ভোটাররা শঙ্কায় পড়েছেন।
আওয়ামী লীগের তৃণমূল নেতারা বলেন, যেসব ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী নেই, সেসব ইউনিয়নে বিএনপির প্রার্থীরা সক্রিয় থাকায় সহিংস ঘটনা ঘটছে। বরগুনার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নের মধ্যে অন্তত ২০টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন।
বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের ভোটার আবুল হোসেন বলেন, ‘দিনকে দিন যে অবস্থা অইতে আছে, হ্যাতে ভোট দেতে যামু কি না, বুঝতে পারছি না।’ নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের ভোটার আবদুল খালেক বলেন, ‘যে পরিস্থিতি হ্যাতে ভোটকেন্দ্রে যাওন তো দূরের কতা; এলাকায় থাকতে পারি কি না, কইতে পারি না।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি রাতে বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হন। তাঁদের মধ্যে ২৪ ফেব্রুয়ারি রাতে বশির শিকদার নামের একজন মারা যান। ৫ মার্চ রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৬ জন আহত হন।
১১ মার্চ বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের উত্তর মনসাতলী গ্রামে একটি বাড়িতে সাত পরিবারের সদস্যদের মারধর করা হয়। ওই রাতে সদরের ফুলঝুরি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১৬ জন আহত হন। এ সময় দুই প্রার্থীর কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ১২ মার্চ রাতে নলটোনা ইউনিয়নে একটি বাড়িতে অগ্নিসংযোগ ও দুটি বাড়ি তছনছ করার ঘটনা ঘটে। এর আগে ওই ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান তছনছ ও ২৫ জনকে আহত করেন। ১১ মার্চ রাতে বুড়িরচর ইউনিয়নে বিএনপির প্রার্থীর বাড়িতে হামলা হয়। ১৩ মার্চ বামনার ডৌয়াতলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
১২ মার্চ রাতে কালমেঘা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর কার্যালয় ভাঙচুর করা হয়। ১৬ মার্চ বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে বিএনপির প্রার্থীর সমর্থকেরা প্রচারণা চালানোর সময় তাঁদের ওপর হামলা হয়। এতে সাতজন আহত হন। ১৮ মার্চ নলটোনা ইউনিয়নে বিএনপির প্রার্থীর সমর্থকদের দুটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ১৮ জন আহত হন। একই দিন বেতাগীর সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়। এতে আহত হন ছয়জন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে সে-ই নির্বাচিত হয়ে আসবে, এটাই আমরা চাই।’ পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘ভোট নিয়ে শঙ্কার কিছু নেই। সুষ্ঠুভাবে যাতে ভোটাররা ভোট দিতে পারেন—এ জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’