নির্বাচনে সহিংসতায় এক মাসে নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সহিংসতায় গত এক মাসে ৩৭ জন নিহত ও অন্তত ২ হাজার ১২৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জনই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকালীন সহিংসতায় নিহত হয়েছেন। এ ছাড়া পৌর নির্বাচনে একজন নিহত হয়েছেন এই সময়ে। মানবাধিকার সংগঠন অধিকার গতকাল শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হওয়া সহিংসতা নির্বাচনের আগ পর্যন্ত তা চলতে থাকে। বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা, তাঁদের ওপর হামলা এবং বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।
প্রতিবেদনে বলা হয়, সরকারকে অবিলম্বে আলোচনার ভিত্তিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
অধিকার-এর প্রতিবেদন অনুযায়ী, মার্চে ৫৩ জন নারী ধর্ষণের ও ২০ জন যৌন হয়রানির শিকার হয়েছেন, ১৪ জনকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১১ জন।