নির্বাচনে সাঈদীর ছেলের বিজয়ী হওয়ার সংবাদ শুনে লজ্জা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাঈদীর ছেলের উপজেলা নির্বাচনে বিজয়ী হওয়ার সংবাদ শুনে আমাদের লজ্জা হয়। আমরা দেশকে স্বাধীন করেছি বটে কিন্তু এখন পর্যন্ত শৃঙ্খলমুক্ত হতে পারিনি।’
গত শনিবার রাতে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে এ রকম সময়েও সাজা পাওয়া যুদ্ধাপরাধী সাঈদীর ছেলে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, নারীর অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সে ব্যাপারে কাজ করা, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলা এবং কোনোরকম সহিংস রাজনীতি এ দেশে যাতে প্রতিষ্ঠা পেতে না পারে সে ব্যাপারে সবার কাজ করা উচিত।
এ সময় সুপ্রিয় চক্রবর্তী, চিত্রপরিচালক আবু সুফিয়ান, আইন ও সালিশকেন্দ্রের কর্মকর্তা, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম কুড়িগ্রাম শাখার আহ্বায়ক রাজু মোস্তাফিজসহ সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।