নির্বাচনে সেনা সহায়তা চাওয়া হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ জানিয়েছেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। তিনি আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সব কয়টিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সারা দেশে ৩০০ আসনে নির্বাচন হয়। নিয়মিত বাহিনীর পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। তা ছাড়া ভোটকেন্দ্র বেড়েছে, ভোটারও বেড়েছে। তিনি আরও বলেন, অতীতে সব সময় সেনাবাহিনী সহায়তা করেছে। এবারও তাদের সহায়তা চাওয়া হবে। তারা সহায়তা করবে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় ‘সেনাবাহিনী’ নেই, উল্লেখ করে সাংবাদিকেরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘সেটার দরকার হবে না। সাংবিধানিক ক্ষমতা বলে সেনা মোতায়েন সম্ভব। নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ে যে বৈঠক হবে, সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘তফসিল ঘোষণার আগে সাংবিধানিকভাবে যতক্ষণ অপেক্ষা করা যায়, আমরা করব। আমরা চাই সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন।’
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের কপি পাওয়ার বিষয়ে সিইসি রকিব উদ্দীন বলেন, ‘অনেক বড় রায়। পড়ে দেখা হবে।’