নির্বাচনে সেনাবাহিনী ভাবমূর্তি অক্ষুণ্ন রাখছে না: বিএনপি
সরকারি ভূমিকার কারণে রহস্যজনকভাবে উপজেলা নির্বাচনে সেনাবাহিনী তাদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পারছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ এ অভিযোগ করেন।
নির্বাচনে সেনাবাহিনীকে হাস্যকর করে না রেখে যথাযথ নিরপেক্ষ ভূমিকা পালন করে ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, ‘উপজেলা নির্বাচনে লোক দেখানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু তাদের যথাযথ ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছে না।’ তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম সেনাবাহিনী তাদের নিরপেক্ষ ও সুষ্ঠু ভূমিকা পালন করবে। পিআরপিসির ১৩১ ধারা মোতাবেক নির্বাচন কমিশন সেনাবাহিনীকে একটি চিঠি দিয়েছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকার নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রেখেছে। আর নির্বাচন কমিশনের এ চিঠি এবং সরকার রহস্যজনক কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। রহস্যজনক কারণে বা সরকারি প্রভাবের কারণে সেনাবাহিনী তাদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পারছে না।’ তিনি বলেন, নির্বাচন কমিশন সেনাবাহিনীকে একটি চিঠি পাঠিয়েছে বটে; কিন্তু তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো পরিবেশও তৈরি করা হয়েছে। সেনাবাহিনী নিরপেক্ষভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করবে বলে তাঁরা আশা করেন।