নির্বাচনে হারায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেণুপুর বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে পরাজয়ের জের ধরে সভাপতি পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। নির্বাচনে ১০ ভোটের মধ্যে স্থানীয় ব্যবসায়ী আরিফ সুলতান সাত ভোট পেয়ে জয়ী হন। আওয়ামী লীগের নেতা আবদুর রাজ্জাক পান তিন ভোট। গত শুক্রবার সকাল সাতটার দিকে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বিদ্যালয়ে যাওয়ার পথে রঘুনাথপুর এলাকায় পৌঁছালে আবদুর রাজ্জাক তাঁকে মারধর করেন এবং পাঁচ দিনের মধ্যে ৩০ হাজার টাকা দাবি করেন। না দিলে তাঁর চোখ তুলে ফেলা হবে বলে হুমকি দেন রাজ্জাক। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে এবং বেণুপুর বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। সমাবেশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়। পরে সকাল ১০টার পরীক্ষা বেলা তিনটা থেকে শুরু হয়। প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে তাঁকে মারধর করে হুমকি দিয়েছেন আওয়ামী লীগের নেতা। তিনি এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে আবদুর রাজ্জাক বলেন, ‘ওই দিন প্রধান শিক্ষককে মারধর বা কোনো হুমকি দেওয়া হয়নি। তাঁর কাছে জানতে চেয়েছি আমাকে সভাপতি বানানোর কথা বলে পরাজিত করা হলো কেন। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য শিক্ষার্থীদের উসকে বিক্ষোভ করানো হচ্ছে।’