নির্বাচনে হেরে সংখ্যালঘুর বাড়িতে হামলা!
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত হয়ে সংখ্যালঘু একটি পরিবারের বাড়িঘরে হামলা, পিটিয়ে আহত করা ও লুটপাটের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অবশ্য ওই নেতা অভিযোগ অস্বীকার করেছেন।গত শনিবার ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ সহিংসতার ঘটনা ঘটে ফরিদপুরের নগরকান্দার ফুলসূতি ইউনিয়নের রামপাশা গ্রামে।গ্রামের কেশব চন্দ্র সাহা অভিযোগ করেন, নির্বাচনে তাঁরা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মিরাজ খানের সমর্থক ছিলেন। কিন্তু গত শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মিরাজ খানের ৪০-৫০ জন সমর্থক “হিন্দুরা আমাদের ভোট দেয়নি”—এ কথা বলে তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে তাঁর মেজ ভাই চিত্ত সাহা (৫৮), তাঁর ছেলে চঞ্চল সাহা (৩৬) ও আরেক ভাই শচীন কুমার সাহা (৫০) আহত হন। হামলাকারীরা বাড়ির নারীদের অকথ্য গালিগালাজ ও লাঞ্ছিত করে এবং তিন ভরি ওজনের স্বর্ণের দুটি চেন ও নগদ কয়েক লাখ টাকা নিয়ে যায়। হামলাকারীরা বাড়ির গোয়ালঘরও ভাঙচুর করে।নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ন বলেন, ‘আমি শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িতে চড়াও হয়ে মেরে আহত করার খবরের সত্যতা পেয়েছি।’নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস জানান, এ ব্যাপারে গত রোববার দুপুরে কেশব চন্দ্র বাদী হয়ে মিরাজ খানসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ব্যাপারে মিরাজ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির প্রথম আলোকে বলেছেন, ‘মিরাজ খানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বা তাঁর কোনো সমর্থক এ হামলার সঙ্গে যুক্ত নন।’