নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। খবর বাসসের। সিইসি গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন সচিবালয়ে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। সিইসি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯২টি আসনের পাওয়া চূড়ান্ত ফলাফল অনুযায়ী শতকরা ৪০ ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, ১৬ জানুয়ারি বাকি আটটি আসনের স্থগিত কেন্দ্রগুলোর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারপর সব আসনের ভোট গ্রহণের চূড়ান্ত হিসাব পাওয়ার পর জানা যাবে, মোট কত শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর কোনো ধরনের কালক্ষেপণ করা হয়নি। কাজী রকিব উদ্দীন বলেন, নির্বাচিতদের নামের গেজেট প্রকাশ করায় বিলম্ব করা হলে নানা প্রশ্ন উঠত। তাই নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে।