নির্বাচনে ৯৫ ভাগ মানুষকে লাঞ্ছিত করা হয়েছে: বি চৌধুরী
এবারের নির্বাচনের মাধ্যমে দেশের ৯৫ ভাগ মানুষকে লাঞ্ছিত এবং গণতন্ত্রের পরীক্ষায় বাংলাদেশকে পরাজিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক-শ্রমিক-জনতা লীগের সমন্বয়ে নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বদরুদ্দোজা বলেন, ‘তথাকথিত নির্বাচনে কমিশন ন্যক্কারজনক ভূমিকা পালন করেছে। তারা সরকারের প্ররোচনায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে। পৃথিবীর বা গণতন্ত্রের ইতিহাসে এ রকম নজির নেই।’
বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে নিজ বাড়িতে ‘অবরুদ্ধ’ রেখে এবং জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদকে ‘গলফ মাঠে পাঠিয়ে ভোট চাইতে প্রধানমন্ত্রী স্বাধীনভাবে সারা দেশ ঘুরে বেড়িয়েছেন’ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘তার পরও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে ৫ পারসেন্টের হবু প্রধানমন্ত্রী লজ্জা পাননি। আক্ষেপও করেননি।’
সংবাদ সম্মেলনে এনডিএফের পক্ষ থেকে নির্বাচন বাতিল, পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান, সভা-সমাবেশ সেমিনার-সিম্পোজিয়ামের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি লাগাতার হরতাল, অবরোধ, সহিংসতা, জ্বালাও-পোড়াও বন্ধ করার জন্য বিরোধী দলের প্রতিও আহ্বান জানানো হয়।
এ সময় আ স ম আবদুর রব বলেন, ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। ধোঁকাবাজির এই নির্বাচনের জন্য দেশের মানুষ প্রধানমন্ত্রীকে অবিশ্বাস করেছে।’
কাদের সিদ্দিকী বলেন, জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন কখনো সফল হবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালকে রতন। উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার প্রমুখ।