নির্বাচনের আগে করে দিলেন রাস্তা!
নির্বাচনের আগে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের আগ মুহূর্তে এমন উন্নয়নমূলক কাজে হাত দেওয়ায় তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।নির্বাচন কমিশনের জারি করা পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ৩ নম্বর ধারামতে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে নির্বাচনের আগে কোনো চাঁদা বা অনুদান প্রদান করা যাবে না। ১৬ উপধারায় বলা হয়েছে, ‘নির্বাচনের পূর্বে কোনো প্রার্থী পৌর এলাকায় উন্নয়নমূলক কোনো প্রকল্প অনুমোদন বা ইতিপূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত করতে বা প্রদান করতে পারবেন না।’অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবদুল মজিদ গত শনিবার ভবানীগঞ্জ-তাহেরপুর সড়কের সঙ্গে দরগামাড়িয়ার পশ্চিমপাড়ার সংযোগ সড়ক (৩০০ গজ) নির্মাণের কাজ শুরু করে। নিজ উদ্যোগে প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় করে ওই কাউন্সিলর প্রার্থী রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। তিনি এখনো কাউন্সিলর পদে বহাল আছেন।গত শনিবার সরেজমিনে শ্রমিকদের রাস্তা নির্মাণ করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা আবদুল, আমিনুলসহ কয়েকজন কাজের তদারকি করছেন। সূর্যপাড়া গ্রামের শ্রমিক ফজলুর রহমান ও আবদুস সালাম জানান, তাঁরা আটজন শ্রমিক কাজ করছেন। ওই কাউন্সিলরই তাঁদের পারিশ্রমিক পরিশোধ করছেন। এই কাজ শেষ হতে আরও দুই দিন লাগবে। এ জন্য প্রায় পাঁচ হাজার টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন তাঁরা। দরগামাড়িয়া গ্রামের বাসিন্দা বাবর আলী (৬২) জানান, রাস্তা না থাকায় তাঁদের পাড়ার লোকজনের খুব সমস্যা হতো। কাউন্সিলর রাস্তা করে দিচ্ছেন, তাই তাঁকেই ভোট দেবেন। একই গ্রামের বাসিন্দা আবুল কালাম জানান, কাউন্সিলর নয় বছরেও রাস্তাটি করে দেননি। এ জন্য তাঁরা এবার তাঁকে ভোট দেবেন না বলে জানালে তিনি নিজ খরচে রাস্তা করে দিচ্ছেন। তাঁদের কাছ থেকে ভোট নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। একই রকম অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান। তিনি অভিযোগ করেন, ওই কাউন্সিলর নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন করে নিজ উদ্যোগে রাস্তা করে দিচ্ছেন। এতে নির্বাচনে প্রভাব পড়বে। বিষয়টি তিনি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছেন। ভবানীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত সচিব লিটন মিঞা জানান, কাউন্সিলর রাস্তা নির্মাণের কাজ করছেন বলে এক প্রার্থী অভিযোগ করেছেন। পৌরসভা থেকে কোনো প্রকল্প বা বরাদ্দ দেওয়া হয়নি। কাউন্সিলর আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, নিজের টাকায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তিনি একে ভালো কাজ বলে দাবি করেন। এত দিন কেন রাস্তাটি করেননি এমন প্রশ্নের জবাবে আবদুল মজিদ বলেন, ‘চেষ্টা করেছি, হয়নি।’ এটা কি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল নয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লোকজন স্বেচ্ছায় এ কাজ করছে।’ ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রাস্তাটি নির্মাণ করছেন কি না—এই প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে চাননি। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. মূসা জানান, তফসিল ঘোষণার পর এ ধরনের কাজ করা যাবে না।