নির্বাচনের আগে-পরে সহিংসতা নিয়ে মার্কিন কূটনীতিকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জন ডেনিলুইজ। রাজধানীর বনানীতে সেতু ভবনে গতকাল বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে মার্কিন এই কূটনীতিক এ উদ্বেগ জানান। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানান। মন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বাইরে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু চাপিয়ে দেবে না বলে জন ডেনিলুইজ জানিয়েছেন। নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে যেসব জটিলতা আছে, তা বাংলাদেশই সমাধান করবে বলে মার্কিন কূটনীতিক মনে করেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে আমরাই আমাদের সমস্যার সমাধান করতে পারব।’ ওবায়দুল কাদের বলেন, মার্কিন এই কূটনীতিকের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর আলোচনা হয়েছে। তিনি ডেনিলুইজকে বলেন, নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে কিছু জটিলতা আছে। তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরিয়ে দেওয়া সম্পর্কে মার্কিন মনোভাব ইতিবাচক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার পোশাক কারখানার উন্নয়ন এবং শ্রমিকদের অধিকারের বিষয়ে কতগুলো ব্যবস্থা নিয়েছে। এসব প্রয়াস অব্যাহত থাকলে শিগগিরই তাঁরা জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিবেচনা করবেন।