নির্বাচনের আগে প্রয়োজন জঙ্গিবাদ মুক্ত করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে আবার কথা বলা শুরু হয়েছে। কিন্তু তার আগে এই মুহূর্তে প্রয়োজন জঙ্গিবাদ মুক্ত করা। একটা প্যাকেজ হতে পারে—নির্বাচনের স্থায়ী সমাধান এবং জঙ্গিবাদীদের নির্বাচনের বাইরে রাখার চুক্তি সম্পাদন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘অসাম্প্রদায়িকতা ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। ‘অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম’ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদাপন্থী ও বিএনপিপন্থীরা প্রত্যক্ষভাবে জঙ্গিবাদের ছাতা হিসেবে কাজ করছে। আজকে দেশে জঙ্গিবাদের যতটুকু তৎপরতা দেখছেন, ততটুকু হতো না যদি খালেদাপন্থী ও বিএনপিপন্থীরা জঙ্গিবাদের ছাতা হিসেবে কাজ না করত। তাই যদি বাংলাদেশকে নিরাপদ করতে চান, তাহলে খালেদাপন্থীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা জঙ্গিবাদের ছাতা হিসেবে থাকবেন কি না।
হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম সাম্প্রদায়িক চর্চার প্রচারমাধ্যম হতে পারে না। এটা করলে গণমাধ্যমের মূল্যবোধ ও নৈতিকতা ধ্বংস করে ফেলে। কিন্তু কতিপয় গণমাধ্যম জঙ্গিবাদী ও সাম্প্রদায়িকতা লালন করছে, সরাসরি উসকানি দিচ্ছে।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের ভেতর যারা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে বলেন, জরুরি ট্রাইব্যুনাল গঠন করে এর বিচার করতে হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশে সাংবাদিকতা করবেন, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানকে ধারণ করবেন না, তা হয় না। তিনি বলেন, ইনকিলাব অপসাংবাদিকতা ও দায়িত্বহীন সাংবাদিকতা করেছে। টক শোতেও একজন একই বিষয় নিয়ে কথা বলছেন। আবার একটি অনলাইনেও বিষয়টি এসেছে। কিন্তু তাঁদের ধরবেন না, তা হয় না। ধরতে হলে সব দোষীকে ধরতে হবে। কিন্তু গণমাধ্যম বন্ধ করে দেওয়া সমস্যার সমাধান নয়।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক শাহ আলমগীরও বলেন, ‘পত্রিকা বন্ধ করে শাস্তি সমর্থন করি না।’
সংগঠনের সভাপতি সাংবাদিক কাজী রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। প্রবন্ধ উপস্থাপন করেন অমিয় ঘটক পুলক।