নির্বাচনের আগে সর্বহারাদের নামে পোস্টারিং, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার চরমপন্থী-অধ্যুষিত বড়গ্রাম ও তাড়াই বেলঘরিয়া গ্রামের ঘরবাড়ি ও দোকানের দেয়ালে পূর্ববাংলা সর্বহারা পার্টি ব্যাপকভাবে পোস্টার ও গণযুদ্ধ পত্রিকা সেঁটেছে। উপজেলা নির্বাচনের ঠিক এক দিন আগে সর্বহারা দলের এই তৎপরতায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম ও তাড়াই বেলঘরিয়া বাজারসহ চলনবিলের বিভিন্ন এলাকায় গত সোমবার গভীর রাতে দোকান ও বাড়ির দেয়ালে পোস্টার ও পত্রিকা সাঁটা হয়। পোস্টারে লেখা হয়েছে ‘উপজেলা চেয়ারম্যান নয়, এমপি নয়, শ্রমিক কৃষক দরিদ্র ও সাধারণ মধ্যবিত্তদের হাতে ক্ষমতা চাই।’ পোস্টারের নিচে পূর্ব বাংলার সর্বহারা পার্টি (সিসি) উত্তরাঞ্চল শাখা, উল্লেখ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেলঘরিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, এই ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কে বা কারা এ কাজ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।