জাতীয় সংসদ নির্বাচনের আগেই মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও সাজা বাস্তবায়নের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে জামায়াত-হেফাজতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা থেকেও বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতা-২০১৩ তে বক্তারা এ দাবি জানান। জামায়াত-হেফাজতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার দোদুল্যমান উল্লেখ করে বক্তারা বলেন, এ সময়ের মধ্যে কোনো ধরনের অপশক্তির সঙ্গে রাজনৈতিক সমঝোতা করে যুদ্ধাপরাধীদের বিচার ও প্রদত্ত সাজা বাস্তবায়ন করা না হলে, তার দায় আওয়ামী লীগ তথা মহাজোটকেই নিতে হবে। সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে স্মারক বক্তব্য উপস্থাপন করেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ‘পাকিস্তানের সাংবিধানিক সংকট ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক বক্তৃতায় বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, পাকিস্তানের তৎকালীন আদালত ও বিচারকদের ভুল ও গাফিলতির কারণেই পূর্ব পাকিস্তানের সব স্বপ্ন ভেঙে যায়। আন্দোলন দানা বাঁধে। পরে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়।অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, গুজব রয়েছে, নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ হবে না। এ গুজব সত্য হলে এর দায়দায়িত্ব আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সর্বোপরি আওয়ামী লীগের ওপর বর্তাবে।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ৫ মে হেফাজতের তাণ্ডবের পর প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, জামায়াত ও হেফাজতকে ছাড়া হবে না। কিন্তু এত দিন পার হলেও তাদের বিরুদ্ধে সাজা তো দূরের কথা, কোনো ধরনের তদন্তকাজও শুরু হয়নি। সরকারকে অবশ্যই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।সংগঠনের সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী নিজের হতাশা ব্যক্ত করে বলেন, চার সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের জন্য অশনিসংকেত। এ থেকে উত্তরণের পথ দ্রুততম সময়ে যুদ্ধাপরাধীদের বিচার ও তাদের সাজার ব্যবস্থা করা। এ বছর ব্যক্তি হিসেবে বিশিষ্ট আইনজীবী এম আমীর-উল ইসলাম ও বিচারপতি এ বি এম খায়রুল হক এবং সংগঠন হিসেবে গণজাগরণ মঞ্চকে জাহানারা ইমাম স্মৃতিপদক দেওয়া হয়েছে।