নির্বাচনের আগেই শামীম ওসমান ‘নগরপিতা’!
নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিলই এখনো ঘোষণা করা হয়নি। অথচ আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানকে ‘নগরপিতা’ ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছে তাঁর লোকজন।গতকাল রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের গলাচিপার কলেজ রোড এলাকায় রেলক্রসিংয়ের সামনে স্থাপিত একটি তোরণের ব্যানারে লেখা, ‘নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, নগরপিতা, সাবেক সাংসদ শামীম ওসমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’।জানা গেছে, শামীম ওসমান গত শুক্রবার সন্ধ্যায় গলাচিপা কলেজ রোড এলাকায় গণসংযোগ করেন। এ উপলক্ষে তাঁকে ‘নগরপিতা’ অ্যাখায়িত করে কয়েকটি তোরণ নির্মাণ করে তাঁর লোকজন।এর আগে শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় খাজা সুপার মার্কেট ভবনের দেয়ালে লাগানো একটি বিলবোর্ডে শামীম ওসমানের বড় ছবি দিয়ে নিচে লেখা হয়, ‘নগরপিতাকে জানতে ভিজিট করুন www...’। এ নিয়ে শহরে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। এমনকি আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে গত শনিবার সকালে খাজা সুপার মার্কেট ভবনের দেয়ালে লাগানো বিলবোর্ড থেকে ‘নগরপিতাকে জানতে’ অংশটুকু মুছে ফেলা হয়েছে।জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে কোনো রঙিন বিলবোর্ড বা ডিজিটাল ব্যানার লাগানো বেআইনি। তফসিল ঘোষণা না হওয়ায় নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমিও শুনেছি, শামীম ওসমানকে নগরপিতা আখ্যায়িত করে নানাভাবে প্রচার চালানো হচ্ছে। মেয়র নির্বাচিত না হয়েও নগরপিতা দাবি করে প্রচারণা চালানো ঠিক নয়। এ দিয়ে তাদের অজ্ঞতা প্রকাশ পায়। নষ্ট হয় দলের ভাবমূর্তি।’তবে যোগাযোগ করা হলে শামীম ওসমান দাবি করেন, কারা তাঁর নামে বিলবোর্ড, তোরণ নির্মাণ ও ওয়েবসাইট চালু করেছে, তা তিনি জানেন না। তবে যারা এসব করেছে, তারা তাঁকে ভালোবাসে বা পছন্দ করে।