নির্বাচনের আগেই সংকট সমাধানের তাগিদ ইইউর

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে, নির্বাচনের আগেই সে সংকটের সমাধান হওয়া উচিত। তিনি সংলাপের মাধ্যমে প্রধান দুটি দলকে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে হানার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে দেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, আওয়ামী লীগ সংসদে এসে আলোচনার কথা বলেছে। সংসদ আলোচনার জায়গা নয়, বিতর্কের জায়গা। সংসদের বাইরে আলোচনা হতে পারে। সংসদে এসে বিল উত্থাপন করা যেতে পারে। তিনি বলেন, ‘আমরা প্রতিনিধিদলকে বলেছি, বর্তমান প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং সংসদ রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সে নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দলই অংশ নেবে না।’
উইলিয়াম হানার নেতৃত্বে প্রতিনিধিদলটি নির্বাচন-পূর্ব পরিবেশ দেখতে বাংলাদেশে এসেছে। এর আগে প্রতিনিধিদলটি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছিল।