নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রথম আলো ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রথম আলো ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রথমে পাঁচ হাজারের নিয়োগপ্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে শেষ হবে।

আজ রোববার বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সুষ্ঠুভাবে স্বাস্থ্য খাত পরিচালনার ক্ষেত্রে জনবলসংকট একটি বড় সমস্যা। বর্তমান সরকার এ সমস্যা উত্তরণে বারবার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রথমে পাঁচ হাজার এবং নির্বাচনের আগে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

নতুন এই চিকিৎসকদের মূলত গ্রামাঞ্চলে পদায়ন করা হবে। চিকিৎসকেরা যাতে কমপক্ষে দুই বছর কর্মস্থলে থাকেন, সে ব্যাপারে একটি বিধান করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মিট দ্য প্রেসে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট তৌফিক মারুফসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।