নির্বাচনের আগের দিন গাজীপুরে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল তীব্র যানজট। যানজটের কারণে পাঁচ মিনিটের পথ পার হতে লেগে যায় প্রায় এক ঘণ্টা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
এলাকার লোকজন জানান, গতকাল সকাল থেকে চান্দনা চৌরাস্তা থেকে গাজীপুর শহরের শিববাড়ী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলরত যানবাহনের যাত্রীরা।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের মনোবিজ্ঞানের প্রদর্শক সমরেন্দ্র সাহা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সহকারী পোলিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে তিনি নির্বাচনী-সামগ্রী বুঝে নিতে জেলা শহরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন ব্যালট পেপার ও বাক্স দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। পরে তিনি জেলা শহর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। কিন্তু জেলা পুলিশ লাইন এলাকায় গিয়ে তাঁকে পড়তে হয় দীর্ঘ যানজটে। পাঁচ মিনিটের রাস্তা পার হতে তাঁর সময় লেগেছে প্রায় এক ঘণ্টা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রায় এক হাজার গাড়ি রিকুইজিশন করা হয়। একসঙ্গে এত গাড়ির পার্কিংয়ের জায়গা না থাকায় পুলিশ লাইনের সামনের সড়কের দুই পাশে সেসব গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। পরে সেখান থেকে একের পর এক গাড়ি নির্ধারিত কেন্দ্রে যাওয়ার সময় অন্য যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। গাড়িগুলো চলে যাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।