ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের জনগণ ১৩ বছর ধরে স্থানীয় সরকার নির্বাচনের মুখ দেখেনি। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ও নির্বাচন কমিশনারের মুখে নির্বাচনের কথা শুনে সরগরম হয়ে উঠেছে এলাকা। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ঈদ ও ইংরেজি নববর্ষ সামনে রেখে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটাচ্ছেন এবং ব্যানার টানাচ্ছেন। শুভেচ্ছা জানিয়ে বিতরণ করছেন লিফলেট। কেউ কেউ কেব্ল অপারেটরের মাধ্যমে টিভিতে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে শুভেচ্ছা জানাচ্ছেন। কসবা পৌরসভার মেয়র পদে শুভেচ্ছা জানিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন কসবা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাবেক পৌর প্রশাসক ও চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ, সাবেক পৌর প্রশাসক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম আজিজুর রহমান, কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি শাহারিয়া ওয়াহেদ, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা, কসবা কো-অপারেটিভ লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুছ ও ফুলতলী গ্রামের মো. সফিকুল ইসলাম। কাউন্সিলর পদে প্রার্থীরা পোস্টার, ফেস্টুন, ব্যানার ও কেব্ল অপারেটরের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে ভোটারদের কাছে দোয়া চাইছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ডিসেম্বরে কসবা উপজেলা সদরের ৭ নম্বর কসবা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ওই নির্বাচনে বিজয়ী নয়জন ইউপি সদস্য বর্তমান কসবা পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। আর প্রশাসকের দায়িত্বে রয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর। পৌরসভা সূত্রে জানা গেছে, কসবা ইউনিয়নের বৃহৎ অংশ নিয়ে ১৯৯৯ সালের ১০ জুন কসবা পৌরসভা ঘোষণা হয়। ২০০০ সালের ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও এ পর্যন্ত পৌর নির্বাচন হয়নি। ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা পৌরসভা গঠিত হওয়ার সাত বছর পর ২০০৫ সালের ৫ ডিসেম্বর প্রথম নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করা হয়। কিন্তু মনোনয়ন দাখিলের শেষ দিন কসবা পৌরসভার নারী কাউন্সিলর আয়েশা বেগম সীমানার বিরোধ নিয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। এরপর আদালত নির্বাচন স্থগিত করে দেন। আবারও ২০০৬ সালের ২৭ এপ্রিল নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন দাখিলের ঠিক শেষ দিন কসবা পৌরসভার আরেক কাউন্সিলর আবুল হাসেম সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে আবারও একটি রিট পিটিশন করেন। আদালত আবার নির্বাচন স্থগিত করে দেন। এরপর আর নির্বাচন হয়নি। কসবা পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ বলেন, কসবা পৌরসভার নির্বাচন দুবার ঘোষণা করা হলেও অপ্রয়োজনীয় মামলা দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই সব মামলা বর্তমানে অকার্যকর হয়ে গেছে। বর্তমান সরকার পৌরসভা নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনপ্রতিনিধির মাধ্যমে পৌরসভা পরিচালিত হবে।সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, মেয়র পদে নির্বাচনে অংশ নিতে তিনি ভোটার তালিকা সংগ্রহ করে ভোটারদের দোয়া চাইছেন।কসবা পৌরসভার আকুবপুর গ্রামের ভোটার আলাউদ্দিন বলেন, ‘নির্বাচন হবে শুনে খুব ভালো লাগছে। কারণ আমার ভোটে ও আমার পছন্দে নির্বাচিত ব্যক্তি পৌরসভা চালাবে।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কসবা উপজেলার সভাপতি হামিদুল হক বলেন, গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরের মাধ্যমে কাজ করা উচিত। তাহলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কসবা পৌরসভার উপসহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সুমন দত্ত বলেন, পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি হলে উন্নয়ন আরও গতিশীল হবে।