নির্বাচনের আড়াই বছর পর ১৬ কাউন্সিলর ও মেয়রের শপথ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন অনুষ্ঠানের আড়াই বছর পর আজ শনিবার কক্সবাজার পৌরসভার ১৭ জন মেয়র ও কাউন্সিলর শপথ নিচ্ছেন। আজ বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠান শুরু হবে। জেলা প্রশাসক মো. রুহুল আমিন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করাবেন। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন করার জন্য কক্সবাজার জেলা প্রশাসক বরাবর পত্র পাঠানো হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খলিলুর রহমান স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, আদালত কর্তৃক প্রদত্ত আদেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ না থাকায় এবং কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান করার ক্ষেত্রে আইনগত বাধা নেই মর্মে আইন, বিচার ও সংসদবিষয়ক বিভাগ থেকে মতামত দেওয়া হয়। তাই অবিলম্বে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনামতে আজ শনিবার বেলা ১১টায় নির্বাচিত মেয়র ও ১৬ জন কাউন্সিলরকে শপথ পড়ানো হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু উচ্চ আদালতে মামলা, নিষেধাজ্ঞাসহ নানা আইনি জটিলতায় মেয়র ও কাউন্সিলররা আড়াই বছর ধরে শপথ নিতে পারেননি। কাউন্সিলর রাজবিহারী দাশ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে এত দিন পৌরসভার কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচিত মেয়র সরওয়ার কামাল বলেন, ‘২৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হলেও একজন সাবেক চেয়ারম্যানের ইন্ধনে এত দিন আমরা শপথ নিতে পারিনি। এখনো চক্রটি শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করতে অপতৎপরতা চালাচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের আড়াই বছর ক্ষমতার বাইরে রাখার অর্থ হচ্ছে জনগণের রায়ের প্রতি অসমঞ্চান।’