নির্বাচনের উদ্যোগ নেই, প্রশাসক দিয়েই চলছে ১১ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দুটি দলের রাজনৈতিক সদিচ্ছার অভাবে ১১ বছর ধরে বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ২০০১ সালে এ পৌরসভার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নির্বাচন অনুষ্ঠান করতে পারেনি আওয়ামী লীগ। আর সীমানাগত জটিলতার অজুহাত দেখিয়ে নির্বাচন না দিয়ে সরকারের পুরো মেয়াদই দলীয় নেতাকে প্রশাসক নিয়োগ দিয়ে কার্যক্রম চালিয়েছে বিএনপি। পৌরসভা সূত্রে জানা গেছে, সোনাতলা সদর ও বালুয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে ২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলাকে পৌরসভা ঘোষণা করা হয়। পৌরসভা ঘোষণার পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খলিলুর রহমানকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। ওই বছরের ২৯ নভেম্বর সোনাতলা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি এ কে এম আহসানুল তৈয়বকে পৌর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। ২০০৬ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে আধুনিক পৌর ভবন নির্মাণ করা হয়। একই বছরের ২১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর প্রশাসক আহসানুল তৈয়বকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং ইউএনওকে প্রশাসক করে। তবে ২০০৪ সালে কানুপুর গ্রামের সবিরুল আলম বালুয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম পৌরসভার বাইরে রাখার দাবিতে আদালতে মামলা করেন। মামলার পর শুধু কানুপুর গ্রাম পৌরসভায় রেখে সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু কানুপুর গ্রামকে পৌরসভার বাইরে রাখার পক্ষে আবার আদালতে পৃথক মামলা করা হয়। সীমানাসংক্রান্ত এই মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করায় গত বছরের ৩১ অক্টোবর বালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়। সোনাতলা পৌরসভার সচিব শাহীন মাহমুদ বলেন, বালুয়া ইউপির নির্বাচন অনুষ্ঠানের পর পৌরসভা নির্বাচনে কার্যত আর কোন বাধা নেই। কিন্তু তার পরও প্রশাসনিক জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না। আর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দাপ্তরিক কার্যক্রমেও গতি নেই। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বর্তমান ইউএনও নিজস্ব দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় গুরুত্বপূর্ণ সভা ও কর্মসূচি ছাড়া সময় দিতে পারেন না। নির্বাচন না হওয়ার ক্ষোভে পৌরকর দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন পৌর নাগরিকেরা। ১৬ মে সরেজমিনে দেখা গেছে, পৌরশহরের গুরুত্বপুর্ণ এলাকার এবং পাড়া-মহল্লার রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। থানামোড়-হাসপাতাল সড়কের ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়কের বাসিন্দা মোটরসাইকেল মেকানিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চার বছর ধরে এ সড়কের এমন দশা। মেয়র-কাউন্সিলর নাই। অভিযোগ করার লোকও নাই। পৌরবাসী নির্বাচনের জন্য অধীর আগ্রহে রয়েছে। কিন্তু নির্বাচনের উদ্যোগ নাই।’ আগুনিয়ারতাইট মহল্লার কলেজছাত্র মেহেদী হাসান বলেন নামেই পৌরসভা। কোনো মহল্লাতেই সড়কবাতি নেই। ভাঙাচোরা রাস্তাঘাট। নির্বাচন না দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ। সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আনোয়ার প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচন নিয়ে শুধু আওয়ামী লীগ কেন, কারোই আগ্রহ নেই। শুধু প্রার্থী হতে চান, এমন কিছু লোক পৌর নির্বাচন চান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসান কবির বলেন, বিএনপি পৌর নির্বাচন চায় না, এ কথা ঠিক নয়। সীমানাগত জটিলতার কারণে নির্বাচন দেওয়া সম্ভব না হওয়ায় গত মেয়াদে বিএনপি প্রশাসক দিয়ে এ পৌরসভা চালিয়েছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায়। তারা নির্বাচন দিলে বিএনপি আপত্তি করবে না। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, সীমিত বরাদ্দ দিয়ে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আরও বরাদ্দ যাতে পাওয়া যায়, এ জন্য চেষ্টা চলছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, পৌরসভা নির্বাচনে আইনগত কোনো জটিলতা নেই। মাস দেড়েক আগে নির্বাচন কমিশন প্রতিবেদন চেয়েছিল। কিন্তু একটি ওয়ার্ডের সীমানা নিয়ে উচ্চ আদালতে রিট এবং পরে তা খারিজ হলেও এ-সংক্রান্ত নথি কেউ সরবরাহ না করায় তা কমিশনে পাঠানো যায়নি। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, কী কারণে সোনাতলা পৌরসভার নির্বাচন হচ্ছে না, সে ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।