বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা ২০ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে মুক্তিযোদ্ধা সংসদের প্রধান নির্বাচন কমিশনার আবদুল আজিজসহ কমিশনের পাঁচজন কর্মকর্তা আপিল বিভাগে আবেদনটি করেন। ২৬ এপ্রিল হাইকোর্ট পৃথক রিটের পরিপ্রেক্ষিতে জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। গতকাল আপিল বিভাগে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী পঙ্কজ কুমার কুন্ডু। মূল রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন মাসুদ রেজা সোবহান।পঙ্কজ কুন্ডু প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ২০ মে পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। ফলে এ সময় পর্যন্ত নির্বাচন কার্যক্রম পরিচালনায় বাধা নেই।উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল প্রকাশিত হয়। তফসিল অনুসারে ২৬ জুন নির্বাচনের দিন ধার্য রয়েছে। তবে ঘোষিত নির্বাচনী তফসিল সংসদের গঠনতন্ত্রবিরোধী দাবি করে ২৫ এপ্রিল হাইকোর্টে লালমনিরহাট জেলার মুক্তিযোদ্ধা মো. ইউসুফ ও নড়াইল জেলার মুক্তিযোদ্ধা চৌধুরী সাহাবুদ্দিন পৃথক রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একটিতে ১৬ মে পর্যন্ত এবং অন্যটিতে ২৬ জুন পর্যন্ত নির্বাচনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এ ছাড়া ঘোষিত তফসিল কেন অবৈধ নয় তা চার সপ্তাহের মধ্যে জানাতে রুল জারি করেন।