নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের বদলি না করতে ইসির চিঠি
নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের বদলি না করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি সরকারের সব মন্ত্রণালয়কে অবহিত করতেও বলা হয়েছে। আজ বুধবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠানো অপর এক চিঠিতে বলা হয়েছে, ওই মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো গাড়ি কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।
এ ছাড়া আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপিদের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ ঋণখেলাপি কি না, মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ওই তালিকা থেকে তা পরীক্ষা করে দেখবেন। কোনো ব্যাংক নিজেদের উদ্যোগেও রিটার্নিং কর্মকর্তাদের কাছে ঋণখেলাপিদের সম্পর্কে তথ্য দিতে পারবেন।
আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক কাল: দশম জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা বৈঠক কাল বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল অফিসার, বিজিবির মহাপরিচালকসহ সরকারের অন্যান্য বাহিনী ও গোয়েন্দা বিভাগের প্রধানেরা উপস্থিত থাকবেন। এ বিষয়ে আজ নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে।