নির্বাচনের খবর নেই প্রার্থীদের ঘুম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত না হলেও জয়পুরহাটের পাঁচটি পৌরসভার মধ্যে চারটিতে আগাম প্রচারণা শুরু হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এরই মধ্যে জোরেশোরে প্রচারণায় নেমেছেন।
শহরের বিভিন্ন স্থানে পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ও ব্যানার লাগিয়েছেন তাঁরা। আর এসব প্রচারণায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা।
তবে জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, পৌর নির্বাচনের বিষয়ে এ মুহূর্তে তাঁদের কাছে কোনো খবর নেই।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার পাঁচটি পৌরসভার মধ্যে জয়পুরহাট, আক্কেলপুর, কালাই ও পাঁচবিবির নির্বাচন হয়েছিল ২০১১ সালের জানুয়ারি মাসে। মেয়র ও কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে। সেই হিসাবে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে।
এ ছাড়া ক্ষেতলাল পৌরসভার নির্বাচনের মেয়াদ ২০১৭ সালের ১১ জুলাই শেষ হবে। প্রায় দুই বছর নির্বাচনের সময় থাকায় সেখানে নির্বাচনের আগাম প্রচারণা নেই।
সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট পৌরসভায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচারণায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন। জয়পুরহাটে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেনও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরবাসীর দোয়া চেয়ে পোস্টার লাগিয়েছেন। দলীয় সম্ভাব্য প্রার্থীরা পোস্টারে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ছবি ব্যবহার করেছেন। তবে িবএনপি সমর্থক কারও কোনো পোস্টার চোখে পড়েনি।
সদর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাফিজুর বলেন, তিনি আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছেন। তিনি আশাবাদী, দল তাঁকে সমর্থন দেবে। তবে তিনি দলের সিদ্ধান্তের বাইরে কিছু করবেন না। এটাই তাঁর প্রথম নির্বাচন, এ জন্য আগে থেকেই তিনি প্রচারণা চালাচ্ছেন।
আক্কেলপুর পৌরসভায় পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণায় এগিয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী। আক্কেলপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ ও আক্কেলপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুর রহমানও প্রচারণা চালাচ্ছেন।
পৌর এলাকার সবুজ নগরের বাসিন্দা রমজানুজ্জামান বলেন, ভোটের তো কোনো খবর নেই, দেখেশুনে মনে হচ্ছে, প্রার্থীদের এখনই ঘুম নেই।
সম্ভাব্য মেয়র প্রার্থী গোলাম মাহফুজ বলেন, তিনি প্রায় দুই বছর আগে থেকে পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন। দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তাঁর পক্ষে আছেন বলে তিনি দাবি করেন। তবে দল সমর্থন না দিলে তিনি সরে দাঁড়াবেন।
পাঁচবিবি পৌরসভার বর্তমান মেয়র হাবিবুর রহমান নির্বাচনে আবারও প্রার্থী হবেন বলে প্রচারণা চালাচ্ছেন। কালাই পৌরসভার নির্বাচন সামনে রেখে বর্তমান কাউন্সিলর সাজ্জাদুর রহমান মেয়র পদে পোস্টার সাঁটিয়ে পৌরবাসীর দোয়া চেয়েছেন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী বলেন, দল থেকে এখনো কাউকে সমর্থন দেওয়া হয়নি। নির্বাচনে দল থেকে গ্রহণযোগ্য প্রার্থীকেই সমর্থন দেওয়া হবে। যাঁরা পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন, তাঁদের ব্যাপারে দল থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।