পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্যসমাপ্ত নির্বাচনের গেজেট প্রকাশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মাহাবুব মোর্শেদ বলেন, আচরণবিধি লঙ্ঘন ও নিয়মবহির্ভূতভাবে নির্বাচন করার বিষয়ে আলী আশরাফ হাইকোর্টে রিট আবেদন করেন। পরে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও বিচারক এম ডি নজরুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই আদেশে এ নির্বাচন কেন বাতিল ঘোষণা করা হবে না, সে জন্য নয়জনকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। যাঁদের কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন: সচিব (স্থানীয় সরকার মন্ত্রণালয়), সচিব (নির্বাচন কমিশন), মিহির সরোয়ার মোর্শেদ উপসচিব (নির্বাচন), জেলা নির্বাচন কর্মকর্তা (পিরোজপুর), জাহাঙ্গীর হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিরোজপুর ও ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা, মো. আ. বাতেন জ্যেষ্ঠ সহকারী সচিব (পল্লি-১), রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পিরোজপুর, প্রার্থী মো. চান মিয়া মাঝি ও আলতাফ হোসেন। ভারপ্রপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন মল্লিক বলেন, তিনি গেজেট প্রকাশ স্থগিত-সংক্রান্ত একটি ল’ইয়ার্স সার্টিফিকেট পেয়েছেন।